পাবনায় ইছামতী রক্ষার দাবিতে গণসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ গতকাল ইছামতী নদী রক্ষার দাবিতে গণসমাবেশ করেছেন। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে তোলা ছবি l প্রথম আলো
পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ গতকাল ইছামতী নদী রক্ষার দাবিতে গণসমাবেশ করেছেন। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে তোলা ছবি l প্রথম আলো

পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ গতকাল রোববার ইছামতী নদী রক্ষার দাবিতে গণসমাবেশ করেছেন। সমাবেশ থেকে অবিলম্বে নদীটি দখলমুক্ত ও প্রবহমান করার দাবি জানানো হয়েছে।
শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে ইছামতী নদী রক্ষা আন্দোলন কমিটি ওই সমাবেশের আয়োজন করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যরা খণ্ড খণ্ড মিছিল বের করেন। মিছিলগুলো নিজ নিজ প্রতিষ্ঠান থেকে শুরু হয়ে সমাবেশস্থলে এসে শেষ হয়। প্রতিটি মিছিলে ইছামতী নদী রক্ষার দাবিসংবলিত বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন মিছিলকারীরা। সেই সঙ্গে ইছামতী রক্ষার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। মুহূর্তেই সর্বস্তরের মানুষের পদচারণে কানায় কানায় ভরে ওঠে সমাবেশস্থল।
বেলা তিনটায় শুরু হয় আলোচনা পর্ব। সভাপতিত্ব করেন ইছামতী নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি এস এম মাহবুব আলম। প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফরুক। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রেখা রানী বালো, প্রবীণ শিক্ষাবিদ মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ শহিদ মোহাম্মদ ইব্রাহিম, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান প্রমুখ।
সমাবেশে অংশগ্রহণকারী কয়েকজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, এই নদীকে কেন্দ্র করে পাবনা হোসিয়ারিশিল্পে প্রসিদ্ধ হয়ে উঠেছে। স্বাধীনতার পর প্রায় ১০ বছর নদীটি সচল ছিল। কিন্তু শহরে লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীর দুই পার দখল হতে থাকে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে জেলা প্রশাসন সদর উপজেলার শিবরামপুর থেকে পৌর এলাকার শালগাড়িয়া শ্মশানঘাট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় প্রায় ৫ হাজার বর্গফুট দখল হয়ে যাওয়া জমি শনাক্ত করে। এ সময় ২৮৪ জন দখলদার চিহ্নিত হয়। ২০১১ সালে কিছু জমি দখলমুক্ত করা হলে আবার তা দখল হয়ে যায়। পরে নানা আইনি জটিলতায় ইছামতী আর দখলমুক্ত হয় না।
এস এম মাহবুব আলম বলেন, দিনে দিনে ইছামতীর দখল বাড়ছে। শহরের বিভিন্ন ময়লা-আবর্জনায় নদীটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে মশার উপদ্রুপ বাড়ছে। তাই সর্বস্তরের মানুষ নদীটি দখলমুক্ত করে প্রবহমান করার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন। ইতিমধ্যেই মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, ‘ইছামতী নদী রক্ষায় পাবনার মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন আমাদের মুগ্ধ করেছে। এ দাবির সঙ্গে আমরাও একাত্ম আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। আশা করছি, ইছামতী প্রবহমান হবে।’
সাংসদ গোলাম ফারুক বলেন, ‘ইছামতী নদী আমাদের জীবনের অংশ। এই নদীকে ঘিরে জেলার উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। প্রসারিত হয়েছে ব্যবসা-বাণিজ্য। তাই জীবন ও জীবিকার জন্য নদীটি রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব।’ তিনি সরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সমালোচনা করে বলেন, অদক্ষ প্রকৌশলীদের অপরিকল্পিত নকশা নদীকে নষ্ট করছে।