পাবনায় ইছামতীকে বাঁচানোর দািবতে মানববন্ধন
পাবনায় ইছামতী নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ ও নদীটি খননের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন এলাকাবসী। দুপুরে জেলা শহরের ‘সৎসঙ্গ পল্লী কল্যাণ সমিতি’র যুব সংগঠন ‘ইয়ুথ গ্রুপ’-এর সদস্যরা শহরের খেয়াঘাট সড়কের কাছে নদীর শুকিয়ে যাওয়া অংশে দাঁড়িয়ে এ কর্মসূিচ পালন করেন।
এ সময় পাবনা শহরবাসীও এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূিচতে অংশ নেয়।
ইয়ুথ গ্রুপের সদস্যরা জানান, ইছামতী নদী পাবনা শহরের ব্যবসা-বাণিজ্য ও উন্নয়নের ধারক-বাহক। একসময় শহরের বাজিতপুর, বাংলা বাজার ও খেয়াঘাটসহ নদীর বিভিন্ন অংশে ব্যবসা-বাণিজ্য চলত। নদীপথে মালামাল আনা-নেওয়া করা হতো। কিন্তু অবৈধ দখলের ফলে নদীটি এখন সরু খালে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা জমে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় শহরের পানি নিষ্কাশন হচ্ছে না। দুর্গন্ধ ও মশার উপদ্রবে শহরবাসী অতিষ্ঠ।
পাবনা শহরের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ইছামতী নদী এখন পাবনাবাসীর দুঃখ-দুর্ভোগে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা জমে চলমান নদীটি ভাগাড়ে পরিণত হয়েছে। অবিলম্বে নদীটি খনন না করা হলে একসময় এই শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ইছামতী নদী নিয়ে আমরাও দুশ্চিন্তায় আছি। কিন্তু প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থাভাবে আমরা নদীটি খনন করতে পারছি না। নদীটি রক্ষার জন্য অর্থবরাদ্দ চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে আমরা খননকাজ শুরু করব।’