পাবনায় ইলিশ মাছ শিকার করায় ১৬ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১৬ জন মৎস্যজীবীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
অভিযানে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ, র্যা ব ও পুলিশের একটি দল নদীর চর সুজানগর, হাজার বিঘারচর, সাতবাড়ীয়া ও হাজার বিঘার চরের ত্রিমোহনীসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এ সময় মাছ ধরা অবস্থায় ১৬ মৎস্যজীবীকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩০ হাজার মিটার জাল ও ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। গতকাল সকালে আটক মৎস্যজীবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, অভিযান শেষে জব্দ করা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ ও জালগুলো পুড়িয়ে ফেলা হয়। নিষেধাজ্ঞা চলাকালে এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।