পাবনায় ঈদ মৌসুমেও বন্ধ হয়ে যাচ্ছে তাঁত
অন্য বছর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনায় শাড়ি-লুঙ্গির চাহিদা ব্যাপক বেড়ে যেত। এ কারণে পবিত্র রমজান মাসে তাঁতপল্লি থাকত সরগরম। নতুন নতুন তাঁত চালু করা হতো। তবে এবার উল্টো চিত্র। বাজারে তাঁতের বোনা লুঙ্গির দাম কমেছে। কিন্তু বেড়েছে সুতার দাম। হাটবাজারে লুঙ্গি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাঁতিদের। এ পরিস্থিতে অনেকে তাঁত বন্ধ করে দিচ্ছেন।
বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার তাঁতি আবদুল মাজেদ প্রথম আলোকে বলেন, ‘ঈদুল ফিতর তাঁতিদের জন্য সৌভাগ্যের মৌসুম। অথচ এবারের ঈদের বাজার তাঁতিগরে একেবারে পথে বসায়া দিছে। আমার জীবনে কখনো এ রকম খারাপ ঈদের বাজার দেখি নাই। আমার ১৭টা তাঁতের মধ্যে ৯টাই বন্ধ কইর্যা দিছি। বাকিগুল্যাও বন্ধ কইর্যা দেব।’
একই মহল্লার কুতুব আলী, আবদুস সামাদ, নূর ইসলামসহ আরও অনেক তাঁতি বলেন, তাঁতসমৃদ্ধ এ মহল্লায় মাস তিনেক আগেও ৬০০ থেকে ৭০০ তাঁত চালু ছিল। এখন ৩৫০ থেকে ৪০০টি তাঁত কোনোমতে চালু রয়েছে। ঈদের পর বাকি তাঁতও বন্ধ হয়ে যাবে।
একই চিত্র বেড়া ও সাঁথিয়া উপজেলার তাঁতসমৃদ্ধ প্রায় প্রতিটি গ্রাম ও মহল্লার। অব্যাহত লোকসানের কারণে এমনিতেই বছরখানেকেরও বেশি সময় ধরে ভালো নেই তাঁতিরা। গত এক বছরে দুই উপজেলায় বন্ধ হয়ে গেছে অন্তত ১০ হাজার তাঁত। ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক তাঁতি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁতিরা ভেবেছিলেন এবারের ঈদ মৌসুমে তাঁরা বন্ধ তাঁতগুলো চালু করে ঘুরে দাঁড়াবেন। কিন্তু তা না হয়ে উল্টো চালু তাঁতগুলোই বন্ধ হয়ে যাচ্ছে।
বাংলাদেশ তাঁত বোর্ডের সাঁথিয়া বেসিক সেন্টার সূত্রে জানা যায়, পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলা দেশের অন্যতম লুঙ্গি উৎপাদনকারী এলাকা। দুই উপজেলায় একসময় ৬০ হাজারেরও বেশি তাঁত চালু ছিল, যা বর্তমানে ৩৫ হাজারে নেমে এসেছে।
তাঁতমালিক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস আগের চেয়ে বর্তমানে প্রতি থান (৪টি) লুঙ্গির দাম কমেছে মানভেদে ৫০ থেকে ১৫০ টাকা। এক-দুই মাস আগে যে লুঙ্গির দাম ৯০০ টাকা ছিল (প্রতি থান) বর্তমানে তা ৮০০ টাকায় নেমে এসেছে। অথচ গত দুই মাসে সুতার দাম বেড়েছে শতকরা ১৫ থেকে ২০ ভাগ।
বেড়া বাজারের সুতা ব্যবসায়ী আবদুল মতিন বলেন, মধ্যম মানের যে সুতার দাম ২ হাজার টাকা ছিল, ঈদের বাজারে তা বেড়ে হয়েছে ২ হাজার ৪০০ টাকা। অন্যান্য মানের সুতার দামও একই হারে বেড়েছে। এ অবস্থায় কাপড়ের দাম বাড়ার কথা থাকলেও, বরং কমেছে। ফলে তাঁতিরা তাঁত বন্ধ করে দিচ্ছেন। তাই সুতা বিক্রিও কমে গেছে।
এদিকে লোকসানের মুখে তাঁতিরা তাঁতশ্রমিকদের মজুরি কমিয়ে দিয়েছেন। এতে বিপাকে পড়েছেন তাঁতশ্রমিকেরা। এমনিতেই তাঁত বন্ধ হতে থাকায় কাজের পরিমাণ কমছে, তার ওপর মজুরিও কমে যাওয়ায় খেয়ে না খেয়ে দিন কাটছে শ্রমিকদের।
হাতিগাড়া মহল্লার তাঁতশ্রমিক আবদুস সামাদ বলেন, ‘মাসখানেক আগেও একেকটা চিকন লুঙ্গির মজুরি ছিল ৫০ টাকা। এখন তা কইম্যা ৪৫ টাকা হইছে। সগলেরই বেতন বাড়ে ও মজুরি বাড়ে। অথচ আমাগরে কমে। সারা দিনে ৪টা লুঙ্গি বুনি। এতে ১৮০ টাকা পাই।’
নতুন ভারেঙ্গা ইউনিয়ন প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি মো. আলম বলেন, ‘এবারের ঈদের বাজারে তাঁতমালিক ও তাঁতশ্রমিক দুই পক্ষই চরম অসহায়। তাঁদের দেখভালের কেউ নেই। আমার ইউনিয়নে ৪ হাজার তাঁতের মধ্যে অর্ধেকই বন্ধ হয়ে গেছে। সরকারি সহায়তা না পেলে উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই।’
বাংলাদেশ তাঁত বোর্ডের সাঁথিয়া বেসিক সেন্টারের লিয়াঁজো কর্মকর্তা এবাদত হোসেন বলেন, ‘কাপড়ের দাম কমা ও সুতার দাম বেড়ে যাওয়ায় তাঁতিরা বিপাকে পড়েছেন। চলতি অর্থবছরে আমরা তাঁতিদের ৭২ লাখ টাকা ঋণ দিয়েছি। ভবিষ্যতে তাঁরা যাতে সরকারি সহায়তা ও অতিরিক্ত তাঁত ঋণ পান, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশ করা হবে।’