পাবনায় উন্নয়ন-সহায়তা প্রকল্পের টাকা হরিলুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন-সহায়তা প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমামউদ্দিন কবির প্রকল্প এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতাও পেয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত জুনের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তহবিল থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন-সহায়তা প্রকল্পে পাবনা সদর উপজেলায় চার লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ আসে। নিয়ম অনুযায়ী এই অর্থ বণ্টনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে একটি কমিটি করা হয়। কমিটি উপজেলার আতাইকুলা ও চরতারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আদিবাসী নেতাদের সঙ্গে নিয়ে বিভিন্ন খাতে আদিবাসীদের মধ্যে এই অর্থ বরাদ্দ দেয়।বরাদ্দ প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া মাস্টাররোলে দেখা যায়, আতাইকুলা ইউনিয়নের শাঁখারীপাড়া সমিতি ও চরতারপুর ইউনিয়নের আতাইকান্দা সমিতির ৫০ জন আদিবাসী শিক্ষার্থীকে উপবৃত্তি বাবদ এক লাখ ২০ হাজার টাকা, শিক্ষা উপকরণ ক্রয় বাবদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়া দুটি সমিতিতে চারটি করে পাকা পায়খানা তৈরি বাবদ এক লাখ ৩৩ হাজার টাকা, ১৪টি নলকূপ বসানো বাবদ এক লাখ ৫৬ হাজার টাকা ও হারমোনিয়াম ক্রয় বাবদ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু প্রকল্প এলাকা ঘুরে মাস্টাররোলের সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। মাস্টাররোলে আতাইকুলা ইউনিয়নের শাঁখারীপাড়া সমিতির তিথি রানী, পপি রানী, শান্ত সরকার ও মিতু রানীকে দুই হাজার ৪০০ টাকা করে প্রদান করা হয়েছে বলা হলেও তাঁরা এক হাজার ৫০০ টাকা করে পেয়েছেন বলে প্রথম আলোকে জানান। রিতা রানী, লিপি রানী ও প্রার্থ সরকারকে শিক্ষা উপকরণ বাবদ এক হাজার টাকা প্রদান করার কথা বলা হলেও তাঁরা পেয়েছেন ৫০০ থেকে ৮০০ টাকা। দুটি সমিতির সদস্যদের জন্য দুই লাখ ৮৯ হাজার টাকায় আটটি পাকা পায়খানা ও ১৪টি নলকূপ বসানোর কথা বলা হলেও বাস্তবে বরাদ্দের চেয়ে অনেক কম খরচে ছয়টি পাকা পায়খানা ও ১০টি নলকূপ বসানো হয়েছে। হারমোনিয়াম কেনা বাবদ ৪০ হাজার টাকা প্রদান করার কথা বলা হলেও কোনো হারমোনিয়ম দেওয়া হয়নি বলে সমিতিপ্রধানেরা নিশ্চিত করেছেন। আতাইকুলা ইউনিয়নের আতাইকান্দা আদিবাসী সমিতির সভাপতি আশিক কুমার সরকার বলেন, ‘ইউএনও স্যার হামারে মাথায় কাঁঠাল ভাঙে খাইছে। ছাওয়াল পলেক কম করে ট্যাকা দিয়ে নিজে দুই সমিতি থ্যান এক লাখ ৪০ হাজার টাকা নিছে। আবার হামারে দিয়ে কাগজে সই করা লিছে।’ বরাদ্দ কমিটির প্রধান ইউএনও আবদুল হালিম এ বিষয়ে বলেন, বরাদ্দের তুলনায় আদিবাসী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকায় একজনের টাকা দুই-তিনজনকে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু মাস্টাররোলে তা লেখা হয়নি। পাকা পায়খানা, নলকূপ ও হারমোনিয়ামের বিষয়ে তিনি বলেন, ‘আমার জানামতে সবই দেওয়া হয়েছে। তারপরও প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি সম্পর্কে জানতে চিঠি দেওয়া হয়েছে।’