পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
পাবনা শহরের শালগাড়িয়া হাসপাতাল পাড়ায় শনিবার মনু সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফকিরপুর গ্রামে। পুলিশের ধারণা, ময়না খাতুন নামে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের জের ধরেই এ খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মা হাজেরা খাতুন ময়নাসহ অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে পাবনা সদর থানায় মামলা করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়নার বাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ঘরনাগড়া গ্রামে। ১ আগস্ট তিনি শালগাড়িয়া হাসপাতাল পাড়ায় বাসা ভাড়া নেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার লোকজন দেখতে পান ময়না চার যুবকের সঙ্গে বাড়ির দিক থেকে দৌড়ে এসে রিকশায় করে চলে যান। এতে সন্দেহ হলে তারা ময়নার বাড়ির সামনে গেলে ছুরিকাহত অবস্থায় মনুকে পড়ে থাকতে দেখেন। তাঁকে পাবনা হাসপাতালে নেওয়া হলে রাত দুইটার দিকে তিনি মারা যান। বাড়ির মালিক মোশাররফ হোসেন জানান, ময়না ও মনু সরকার নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ১ আগস্ট বাসাটি ভাড়া নেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঘটনার পর থেকেই ময়না পালাতক।