পাবনায় এবার নিজ ঘরে শ্রমিক দলের নেতা খুন
চারজন খুন হওয়ার মাত্র চার দিনের মাথায় আবার লাশ পড়ল পাবনায়। এবার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় চাটমোহর উপজেলার ফৈল–জানা ইউনিয়ন পরিষদের সদস্য ও শ্রমিক দলের নেতা ফারুক হোসেন (৩৮) খুন হলেন। গত বুধবার গভীর রাতে জানালা দিয়ে তাঁকে গুলি করা হয়। পাবনা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোরে তিনি মারা যান৷
এর আগে ৩১ মে সন্ধ্যায় জেলার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া বাজারে গুলি করে আওয়ামী লীগের দুই নেতাসহ চারজনকে হত্যা করা হয়।
ফারুকের পরিবারের অভিযোগ, দ্বন্দ্বের জের ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী লোক দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন৷ পুলিশও মনে করছে, ব্যক্তিগত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে৷ পুলিশ শাহজাহান আলী ও আমিরুল ইসলাম নামের অপর একজনকে গ্রেপ্তার করেছে৷
নিহত ফারুক ছিলেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সম্পাদক। তাঁর বাড়ি পাবনা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃষ্ণরামপুর গ্রামে। গ্রামের প্রধান সড়কের পাশেই আম, কাঁঠাল ও লিচুর বাগানঘেরা ওই বাড়ি। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল, পুরো গ্রামের মানুষ ভেঙে পড়েছে সেখানে৷ কান্নার রোল উঠেছে৷ চারপাশে টিনের বেড়া দিয়ে ঘেরা বাড়ির উত্তর-দক্ষিণে লম্বা একটি টিনের ঘরে থাকেন ফারুকের বাবা-মা। এর পাশেই পূর্ব-পশ্চিমে লম্বা ইটের দেয়াল ও টিনের চালার ঘরের মাঝখানে দেয়াল দিয়ে পৃথক করা দুটি অংশ। আত্মীয়রা জানালেন, ওই ঘরের পশ্চিম দিকের অংশে ফারুকরা থাকেন, পূর্ব দিকেরটি বসার ঘর হিসেবে ব্যবহৃত হয়৷
ওই ঘরের বারান্দায় ফারুকের স্ত্রী কাজলরেখা প্রায় বেহুঁশ। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে৷ সান্ত্বনা দিচ্ছেন নারী আত্মীয়রা৷ ফারুকের একমাত্র মেয়ে ছয় বছরের জেরি বুঝতেই পারছে না, কী ঘটেছে৷
ফারুকের স্বজনেরা জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে বিদ্যুৎ চলে গেলে ফারুক গরমে অতিষ্ঠ হয়ে বসার কক্ষে গিয়ে পূর্ব দিকের জানালা খুলে দিয়ে ওই কক্ষের খাটে ঘুমিয়ে পড়েন৷ পূর্ব দিকে খোলা মাঠ থাকায় ওই জানালা দিয়ে বেশ বাতাস আসে৷ কিছুক্ষণ পর ওই জানালা দিয়ে তাঁকে দুটি গুলি করা হয়। একটি গুলি তাঁর পাঁজরে ও একটি বাহুতে লাগে৷ গুলির শব্দ ও ফারুকের চিৎকারে লোকজন ওই কক্ষে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন৷ ফারুকের মাইক্রোবাসে করে তাঁকে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহী নগরের তালাইমারীতে ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।
ফারুকের বড় ভাই মাহবুবুল আলম জানান, বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলীর সঙ্গে ফারুকের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। শাহজাহান তাঁকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন। মৃত্যুর আগে ফারুক বলে গেছেন, শাহজাহান আলীই লোক দিয়ে তাঁকে খুন করিয়েছেন। শাহজাহানের দূরসম্পর্কের আত্মীয় আমিরুল ইসলাম পূর্ব দিকের টিনের দরজা ভেঙে জানালা দিয়ে তাঁকে গুলি করে পালিয়ে যান৷ তাঁকে ফারুক চিনতে পেরেছিলেন৷ আমিরুল এলাকায় চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। কয়েক দিন আগে আমিরুল চুরি করতে গিয়ে ধরা পড়ায় ফারুক গ্রাম্য সালিসে বিচার করে তাঁকে সাজা দেন। এ জন্য আমিরুল তাঁর প্রতি ক্ষিপ্ত ছিলেন।
আলাপকালে কয়েকজন গ্রামবাসী জানান, গত ইউপি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে বিজয়ী ফারুক হোসেন এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। আগামীবার তিনি চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।
ফারুক হত্যার ঘটনায় তাঁর বড় ভাই চাটমোহর থানায় শাহজাহান আলী, আমিরুল ইসলাম ও অপর একজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার তদন্তে আসা পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এস এম মোস্তাইন হোসেন চাটমোহর থানায় প্রথম আলোকে জানান, সকালেই পুলিশ শাহজাহান আলীকে গ্রেপ্তার করে। এরপর পালিয়ে যাওয়ার সময় আতাইকুলায় ঢাকাগামী একটি বাস থেকে আমিরুলকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে তিনি এজাহারভুক্ত তৃতীয়জনের নাম প্রকাশ না করে বলেন, শিগগিরই তাঁকেও গ্রেপ্তার করা হবে৷
এদিকে পর পর খুনের ঘটনায় পাবনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মোস্তাইন হোসেন বলেন, আতাইকুলার চার খুনের সঙ্গে চাটমোহরের খুনের কোনো সম্পর্ক নেই। নিতান্তই ব্যক্তিগত শত্রুতার জের ধরে ফারুক হত্যাকাণ্ড ঘটেছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
মির্জা ফখরুলের নিন্দা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে চাটমোহরে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন৷ বিবৃতিতে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে ফারুককে হত্যা করেছে৷ তিনি ফারুকের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷
চার খুনের ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর: আতাইকুলার পুষ্পপাড়ায় চারজন খুনের মামলায় এজাহারভুক্ত আসামি ইউনুস আলী ও আক্কাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷