পাবনায় কমছে বোরো আবাদ কৃষকের আগ্রহ অন্য ফসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া এলাকার কৃষক ফরহাদ আলী প্রতিবছর এই মৌসুমে বোরো আবাদ করলেও এবার করেননি। বোরোর বদলে তিনি তিন বিঘা জমিতে তিলের আবাদ করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘গত বছর প্রতি বিঘা বোরোর চারা কিনেছি ৫০০ টাকায়। এবার ছয় হাজার টাকায়ও চারা পাওয়া যাচ্ছে না। তা ছাড়া তেলের দাম, কামলার দাম (শ্রমিক মজুরি) বাড়ায় চাষের খরচও অনেক বেড়েছে। অথচ ধানের দাম নাই। তাই বাধ্য হয়ে আমি অন্য ফসলের আবাদ করছি।’ফরহাদ আলীর মতো বেড়া উপজেলার অনেক কৃষকই এবার বোরোর আবাদ থেকে মুখ ফিরিয়ে অন্য ফসলের আবাদ করেছেন। এ জন্য তাঁরা চারার সংকটকেই প্রথমত দায়ী করেছেন। এ ছাড়া ডিজেল ও শ্রমিকের মজুরি বৃদ্ধির পাশাপাশি ধানের দরপতনকেও দায়ী করছেন তাঁরা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর ছয় হাজার ৫০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। এবার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ছয় হাজার ৬২৫ হেক্টর জমিতে। গতকাল বুধবার পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৯৭০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। বোরো আবাদের সময় প্রায় শেষ দিকে হওয়ায় এ বছর আর নতুন জমিতে আবাদের সম্ভাবনা নেই বলে জানা গেছে। কৃষি কার্যালয় লক্ষ্যমাত্রার চেয়ে ৬০০ হেক্টর কম জমিতে বোরোর আবাদ হওয়ার কথা জানালেও প্রকৃতপক্ষে চাষ না হওয়া জমির পরিমাণ আরও বেশি বলে কৃষকদের দাবি।কৃষকদের সংগঠন বেড়া কৃষি ক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ বলেন, ‘আমার ধারণা, উপজেলায় এবার কমপক্ষে ১৫ শতাংশ জমিতে বোরোর আবাদ কম হয়েছে। এসব জমিতে কৃষকেরা গম, তিল, পেঁয়াজ, ঘাসসহ অন্য ফসল আবাদ করেছেন। এবার বোরোর আবাদ কম হওয়ায় ধানের উৎপাদনও কম হবে।’বেড়া পৌর এলাকার পায়না মহল্লায় রয়েছে ‘পায়নার চক’ নামের ১২০ বিঘার একটি ফসলের মাঠ। এবার কৃষকেরা এর এক বিঘা জমিতেও বোরোর আবাদ করেননি। করেছেন তিল ও ঘাসের আবাদ। ওই মাঠে সেচযন্ত্রের মাধ্যমে পানি সরবরাহকারী আলম মোল্লা বলেন, ‘ধান চাষে কৃষকের আগ্রহ নেই। শুধু এই চকেই (ফসলের মাঠ) নয়, আশপাশের অন্য চকেও এবার প্রচুর জমিতে ধানের বদলে তিল বা ঘাসের আবাদ হচ্ছে।’ বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ঈসমাইল হোসেন জানান, কোনো কোনো কৃষক গম, তিল, পেঁয়াজ ও ঘাস চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। এ জন্য গতবারের চেয়ে এবার ৫০০ হেক্টরের মতো জমিতে বোরোর আবাদ কম হতে পারে।