পাবনায় কলেজছাত্রীর মুখে এসিড নিক্ষেপ
পাবনার ফরিদপুর উপজেলার নেছড়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার বখাটের ছোড়া এসিডে এক কলেজছাত্রীর মুখের কিছু অংশ ঝলসে গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শাকিল হোসেন নামের ওই বখাটে কলেজে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত এবং আপত্তিকর কথাবার্তা বলত। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কলেজে যাওয়ার সময় সে মোটরসাইকেলে দুজনকে সঙ্গে নিয়ে মেয়েটির পথ রোধ করে। এ সময় শাকিল আবারও তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সাড়া না পেয়ে একপর্যায়ে সে মেয়েটির মুখে এসিড ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় মেয়েটির চিৎকার শুনে লোকজন তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, এসিডে মেয়েটির মুখের কিছু অংশ ঝলসে গেছে। ফরিদপুর থানার ওসি আবদুল হামিদ বলেন, গতকাল শুক্রবার শাকিলসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মেয়েটির বাবা একটি মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।