পাবনায় কাল, বগুড়ায় বৃহস্পতিবার হরতাল
আজ সোমবার দুই নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াত।
এদিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি গ্রহণ ও আত্মসমর্পণের নির্দেশসহ তাঁকে নিয়ে নতুন করে ‘ষড়যন্ত্র’ করার প্রতিবাদে বগুড়া জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় ঐক্যজোট।
আমাদের প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
পাবনা: পাবনায় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির মামলায় আজ দুপুরে জামায়াত ও শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জেলা জামায়াত। গ্রেপ্তার হওয়া দুজন হলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল ও পাবনা শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলাম।
জেলা জামায়াতের নায়েবে আমির জহুরুল ইসলাম বলেন, দুই নেতাকে হয়রানিমূলক গ্রেপ্তারের প্রতিবাদে জেলাব্যাপী কাল সকাল-সন্ধ্যার এই হরতাল আহ্বান করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, বেলা একটার দিকে শহরের মাসুম বাজার এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে দুজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।
বগুড়া: আজ বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে বৃহস্পতিবারের হরতালের ঘোষণা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও জেলা ১৮-দলীয় জোটের আহ্বায়ক সাইফুল ইসলাম। ৫ জানুয়ারির ‘প্রহসনের’ নির্বাচন বর্জন করায় দেশবাসীকে আনুষ্ঠানিক ধন্যবাদ ও অভিনন্দন জানাতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বৃহস্পতিবারের হরতালের সমর্থনে এবং ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের জন্য বগুড়াবাসীকে অভিনন্দন জানিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ‘প্রথম আলো’কে বলেন, ‘তারেক রহমান বগুড়ার সন্তান। তাঁকে নিয়ে সরকার নতুন করে যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছে, তার প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। বগুড়াবাসীকে সর্বাত্মকভাবে এই হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।’