পাবনায় খামারে মুরগির মড়ক ভ্যাকসিনের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী, আটঘরিয়া ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় কলেরা রোগে খামারের মুরগি মারা যাচ্ছে। খামারিদের অভিযোগ, কলেরার প্রয়োজনীয় ওষুধ তাঁরা পাচ্ছেন না। প্রাণিসম্পদ বিভাগ তাঁদের সহযোগিতা করছে না।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নয়টি উপজেলায় ৭৯০টি লেয়ার এবং ১ হাজার ৫৯টি ব্রয়লার মুরগির খামার আছে। এর মধ্যে ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর ও সদর উপজেলায় বেশি খামার আছে।
উপজেলাগুলোর কয়েকজন খামারির সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে কিছুদিন হলো খামারিরা লাভের মুখ দেখছেন। অনেকে ঋণ নিয়ে নতুন খামার করেছিলেন। কিন্তু হঠাৎ করে আবার মুরগির মড়ক দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে বেশ কিছু খামারের অর্ধেক মুরগি মরে গেছে। বিষয়টি প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়েছে। তারা রোগটিকে কলেরা বলছে। কিন্তু বাজারে কলেরা রোগের ভ্যাকসিন সংকট থাকায় তাঁরা সেটা ব্যবহার করতে পারছেন না।
আটঘরিয়া উপজেলার বেরুয়ান গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, তিনি ১ হাজার ৯০টি লেয়ার মুরগি নিয়ে খামার করেছিলেন। বর্তমানে মুরগিগুলোর বয়স ৩০ সপ্তাহ। খামার থেকে তিনি প্রতিদিন ৭০০ থেকে ৮০০ ডিম পাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই খামারটিতে মুরগির মড়ক দেখা দিয়েছে। এক সপ্তাহে প্রায় ৩০০ মুরগি মরে গেছে।
ঈশ্বরদী উপজেলার দাশড়িয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামের মামুন হোসেনের খামারেও একই অবস্থা। তাঁর খামারে ১ হাজার ১০০টি মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৩০০ মুরগি মরে গেছে। এই অবস্থায় তিনি ডিমপাড়া মুরগিও বিক্রি করে দিয়েছেন। এতে তাঁর অনেক ক্ষতি হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত বলেন, আবহাওয়া পরিবর্তনের ফলে মুরগির রোগ দেখা দিয়েছে। খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে নিয়মিত টিকা দিলে এ সমস্যার সমাধান হবে।
উপজেলার চাঁদভা ইউনিয়নের মিয়াপাড় গ্রামের আবু তাহের বলেন, একবার খামারের মুরগি রোগে আক্রান্ত হলে আর বাঁচানো যায় না। সংকটের সময় প্রাণিসম্পদ বিভাগ তাঁদের কোনো সাহায্য করে না। প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে না। বারবার তাঁদের লোকসানে পড়ে পথে বসতে হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল গফুর বলেন, ইতিমধ্যে তাঁরা মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন। রোগটি কলেরা। রোগের ভ্যাকসিন সংকট আছে এবং সেই সংকট নিরসনের চেষ্টা চলছে। শিগগিরই ভ্যাকসিন পাওয়া যাবে।