পাবনায় গণপিটুনি ও পার্বতীপুরে কুপিয়ে দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি করতে গিয়ে পাবনার ফরিদপুর উপজেলার দড়িপাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে গণপিটুনিতে সাদেক আলী (৩০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এদিকে পূর্বশত্রুতার জের ধরে গত রোববার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের গাছুয়াপাড়া গ্রামে তোফা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ও দড়িপাড়া গ্রামবাসীর ভাষ্য, কিছু চিহ্নিত চাঁদাবাজ দীর্ঘদিন ধরে ফরিদপুরের দড়িয়াপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামে চাঁদাবাজি করে আসছে। গত শুক্রবার বিকেলে গ্রামবাসী সমাবেশ করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে সাদেক আলী সহযোগীদের নিয়ে গ্রামে ঢুকলে গ্রামবাসী তাঁদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান। পরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আবার তাঁরা দলবল নিয়ে গ্রামে ঢোকার চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী ধাওয়া করে সাদেক আলীকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।গাছুয়াপাড়া গ্রামবাসীর দাবি, কয়েক মাস আগে হাঁস পালন নিয়ে তোফার সঙ্গে মুকুলের ঝগড়া হয়। এ সময় তোফা ও তাঁর লোকজন মুকুলকে বেদম মারধর করেন। এরই জের ধরে গতকাল দুপুরে মুকুল ও তাঁর ভাই মোমিন ধারালো অস্ত্র নিয়ে তোফার বাড়িতে যান এবং তাঁকে একা পেয়ে উপর্যুপরি কোপান। তোফাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ছয়টায় তিনি মারা যান।