পাবনায় গণপিটুনিতে চার যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার বৃকালিয়ানি গ্রামে গতকাল বৃহস্পতিবার গণপিটুনিতে চার যুবক নিহত হয়েছেন। অভিযোগ পাওয়া গেছে, চাঁদা আনতে গিয়ে জনরোষের শিকার হন তাঁরা। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডই আইন সমর্থন করে না। অপরাধী যত খারাপই হোক, তাঁকে আইনের হাতে তুলে দেওয়া উচিত।’নিহত যুবকেরা হলেন: ফরিদপুরের ডেমরা ইউনিয়নের চরপাড়া গ্রামের খলিলুর রহমান খলিল (২৬), সাঁথিয়া উপজেলার দহরানি গ্রামের লিটন হোসেন (২৪) ও আক্কাস আলী (২৫)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। গ্রামবাসী ও পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তিরা চরমপন্থী দলের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। গ্রামবাসীর অনেকের ভাষ্যমতে, বুধবার দিবাগত গভীর রাতে খলিলের নেতৃত্বে পাঁচ থেকে সাতজনের একটি সশস্ত্র দল উপজেলার ডেমরা ইউনিয়নের চরপাড়া, হরডাঙ্গা, বৃকালিয়ানি ও কালিয়ানি গ্রামের বেশ কয়েকটি বাড়িতে চাঁদা দাবি করে। গ্রামের লোকজন ভয়ে পরদিন সকালে চাঁদার টাকা নিতে দুর্বৃত্তদের গ্রামে আসতে বলেন। কথা অনুযায়ী, গতকাল সকালে দুর্বৃত্তরা চরপাড়া গ্রামের আজিরন নেসার বাড়িতে যান। সেখানে কাউকে না পেয়ে তাঁরা বৃকালিয়ানি গ্রামের আবুল কালামের বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খলিল তাঁকে হত্যার হুমকি দেন। খবর পেয়ে গ্রামবাসী সংঘবদ্ধ হতে থাকেন। পরে ‘ডাকাত ডাকাত’ বলে দুর্বৃত্তদের ধাওয়া করেন তাঁরা। একপর্যায়ে বিভিন্ন গ্রামের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন। তাঁরা ধাওয়া করে দুর্বৃত্তদের ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি শটগান উদ্ধার হয়েছে।ডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল হাই বলেন, নিহত যুবকেরা সবাই চরমপন্থী দলের সদস্য ও চাঁদাবাজ চক্র। তাঁদের দলে প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছেন। প্রতি রাতেই তাঁরা বিভিন্ন গ্রাম ঘুরে চাঁদাবাজি করেন। তাঁদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ ছিল। ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় কুমার কুণ্ডু বলেন, নিহত ব্যক্তিদের নামে অভিযোগের শেষ নেই। তাঁদের নিয়ে এলাকায় বহুবার বিচার-সালিস হয়েছে। গ্রেপ্তারও হন। কিন্তু জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে তাঁরা আবার চাঁদাবাজি করতেন। খলিলের চাচা আজিম আলী জানান, খলিল দীর্ঘদিন ধরে অসৎ সঙ্গে ছিলেন। তাঁর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ ছিল। বহুবার চেষ্টা করেও তাঁকে সঠিক পথে আনা যায়নি। পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) রাশেদুল ইসলাম বলেন, খলিল চরমন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর নেতৃত্বেই গ্রামে চাঁদাবাজি চলত। গণপিটুনির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।