পাবনায় গণপিটুনিতে জনযুদ্ধের ক্যাডার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম বাজারে গত মঙ্গলবার রাতে গণপিটুনিতে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) ক্যাডার জানু মোল্লা (২৮) নিহত হয়েছেন। তাঁর বাড়ি সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামে।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ প্রথম আলোকে জানান, জানু মোল্লা মঙ্গলবার রাত ১০টার দিকে বাজারের দোকান-মালিকদের কাছে চাঁদা দাবি করেন। এ সময় দোকান-মালিকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাঁকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওসি আবদুল হামিদ বলেন, পুলিশ স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ফারুক মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ৪০০ গ্রামবাসীকে আসামি করে গতকাল বুধবার একটি হত্যা মামলা করেছেন।