পাবনায় গণপিটুনিতে দুই চরমপন্থী নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার বিলচাপড়ি গ্রামে গত রোববার রাতে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুজন চরমপন্থী দল ‘জনযুদ্ধ বাহিনী’র সদস্য। তাঁদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বিপ্লব হোসেন (২৩)। তাঁর বাড়ি সাঁথিয়া উপজেলার ডহরজানী গ্রামে।বিলচাপড়ি গ্রামের কয়েকজন বাসিন্দার অভিযোগ, এই সন্ত্রাসী বাহিনী প্রায়ই বিভিন্ন গ্রামে চাঁদাবাজি করে। গ্রামের লোকজন তাদের যন্ত্রণায় অতিষ্ঠ। রোববার রাত ১২টার দিকে ডাকাতির উদ্দেশ্যে পাঁচ-ছয়জন সন্ত্রাসী বিলচাপড়ি গ্রামের ননীগোপালের বাড়ির সামনে গিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকাবাসী এক হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে দুজনকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার মিরাজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা এক হাজার গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, নিহত দুজন চরমপন্থী দল ‘জনযুদ্ধ বাহিনী’র সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। বিপ্লবের বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলাও রয়েছে। সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।