পাবনায় গুলিবিনিময়ের পর অস্ত্র ও বোমা উদ্ধার, গ্রেপ্তার ১
পাবনার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে চরমপন্থীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মো. রাশেদ (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি কাটারাইফেল, একটি শাটারগান, ১১টি বোমা, রাইফেল ও বন্দুকের সাতটি গুলি, তিনটি রামদা ও তিনটি গুলির খোসা।পুলিশের ভাষ্যমতে, রাশেদ চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) ওই অঞ্চলের প্রধান। তাঁর বাড়ি উপজেলার বিলসলঙ্গি গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরমপন্থী দলের সদস্যরা নাশকতার উদ্দেশ্যে আলোকদিয়া গ্রামের একটি ঝোঁপের মধ্যে সশস্ত্র অবস্থায় বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল দুপুর একটার দিকে সেখানে অভিযান চালায়। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, অস্ত্র, গুলি ও বোমা উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাশেদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।