পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা
পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামে গত রোববার ভোরে ফুলজান খাতুন (৪৫) নামের একজন গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই জব্বার প্রামাণিক পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।নিহত গৃহবধূর পরিবার ও পুলিশ জানায়, ঘটনার রাতে ফুলজান খাতুন স্বামী কাশেম আলী শেখের সঙ্গে একই ঘরে ছিলেন। ভোর সাড়ে চারটার দিকে কামেশ আলী ফজরের নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে তিনি স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান। সকাল আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। মামলার এজাহার থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামীর বাড়ির জমি নিয়ে ফুলজান খাতুনের সঙ্গে তাঁর ভাশুর-দেবরদের বিরোধ চলছিল। বাদীর দাবি, এই বিরোধের জের ধরেই তাঁর বোনকে হত্যা করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলে ইলাহী বলেন, মামলার আসামি নিহত গৃহবধূর ভাশুর মকবুল প্রামাণিক, দেবর হাসেম আলী, ছামিরুল ইসলাম, সাইদুল ইসলাম ও একরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।