পাবনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা স্বামী গ্রেপ্তার
পাবনা সদর উপজেলার কাশিপুর এলাকায় গতকাল শুক্রবার ভোরে আলপনা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত স্বামী আবদুল কাদেরকে (৩৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। নিহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত মাস আগে পাশের মাধপুর গ্রামের কাদেরের সঙ্গে আলপনার বিয়ে হয়। বিয়ের পর কাদের শ্বশুরবাড়িতেই থাকতেন। তিনি সন্দেহপ্রবণ ছিলেন। অন্য ছেলের সঙ্গে আলপনার বন্ধুত্ব আছে বলে সন্দেহ করতেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। ভোরে বাড়ির পাশের একটি পুকুরের পার থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আলপনার লাশ পাওয়া যায়। আলমগীর হোসেন অভিযোগ করেন, মধ্যরাত পর্যন্ত তিনি মেয়ের কথা শুনেছেন। ভোরের দিকে মেয়েটিকে হত্যার পর পুকুরপাড়ে ফেলে রাখা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছি। ধারণা করা হচ্ছে, কলহের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে।’