পাবনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক, হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার ভবানীপুর চর থেকে গত মঙ্গলবার ফাতেমা খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী রিন্টু মণ্ডলকে আটক করা হয়েছে। ফাতেমাকে হত্যার কথা রিন্টু মণ্ডল স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, ১২ বছর আগে প্রতাপপুর গ্রামের মো. রিন্টু মণ্ডলের সঙ্গে ভগীরতপুর গ্রামের ফাতেমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফাতেমাকে সহ্য করতে পারতেন না রিন্টু। এরই মধ্যে ফাতেমা চারটি সন্তানের জন্ম দেন। স্ত্রীকে প্রায় মারধর করতেন রিন্টু। এক মাস আগে সালিসের মাধ্যমে ফাতেমার পরিবার তাঁকে রিন্টুর বাড়ি থেকে নিয়ে যায়। ৮ মে রিন্টু ফাতেমাদের বাড়িতে হাজির হন। নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করতে কবিরাজের চিকিৎসার প্রয়োজন—এ কথা বলে রিন্টু ফাতেমাকে নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। এরপর তাঁরা আর বাড়ি ফিরে যাননি।ফাতেমার ভাই মো. সাইদুল শেখ জানান, ফাতেমা ও রিন্টুর কোনো খোঁজ না পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। গত মঙ্গলবার পুলিশ রিন্টুকে আটক করে। পরে রিন্টুর দেওয়া তথ্য অনুযায়ী, ভবানীপুর চরে কাশবনের ভেতর থেকে ফাতেমার গলিত লাশ উদ্ধার করা হয়।সদর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, রিন্টু মণ্ডল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রীকে গলাটিপে হত্যার পর চরের কাশবনে লুকিয়ে রেখেছিলেন। তিনি জানান, নিহতের ভাই মো. সাইদুল শেখ রিন্টুসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।