পাবনায় গ্রেপ্তার হওয়া তিনজনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় পুলিশের তিন সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। পাবনার মুখ্য বিচারিক হাকিমের আদালত গতকাল সোমবার এই রিমান্ড মঞ্জুর করেন।এদিকে শুক্রবার রাতে রাজবাড়ী জেলায় আটক তাজু খাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে বেড়ায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা গতকাল আদালতে আবেদন করেছেন।যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন পাবনার সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের নাদের প্রামাণিক (৫২), বেড়া উপজেলার পুরান মাসুন্দিয়া গ্রামের ওয়াজেদ আলী (৪২) ও একই উপজেলার ঢালারচর গ্রামের মো. আবদুর রহিম (২৫)। পুলিশ সুপার জামিল আহম্মেদ জানান, বেড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা। তিনি গতকাল দুপুর দেড়টার দিকে নাদের ও ওয়াজেদকে এবং বিকেল চারটায় আবদুর রহিমকে পাবনার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বিকেলে তাঁদের বেড়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত আলী গতকাল প্রথম আলোকে জানান, পাবনার বেড়ায় তিন পুলিশ সদস্য হত্যার ঘটনায় বেড়া থানায় করা মামলায় তাজু খাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাজুকে বেড়ায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা গতকাল পাবনার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আবেদন করেছেন। তাঁদের থানা (রাজবাড়ী সদর) থেকেও বিষয়টি রাজবাড়ীর মুখ্য মহানগর হাকিম আদালতকে অবহিত করা হয়েছে। আদালতের অনুমতি পেলে যেকোনো সময় তাজু খাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে বেড়া থানার পুলিশ।স্থানীয় সূত্র গতকাল বিকেলে জানায়, হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত উপজেলার ঢালারচর ও মাসুন্দিয়া ইউনিয়নের চর এলাকাগুলো পুরুষশূন্য অবস্থায় রয়েছে। দুই ইউনিয়নের ৩০ গ্রামের অন্তত ২৫ হাজার পুরুষ গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপন করেছেন। এ ব্যাপারে ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর রহমান বলেন, ‘এলাকাবাসীর মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। তবে আমি যাঁকে পেয়েছি, তাঁকেই এলাকায় থাকার পরামর্শ দিয়েছি এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বলেছি।’ বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান বলেন, অপরাধী ছাড়া কাউকে পুলিশ অহেতুক হয়রানি করছে না। কাজেই অপরাধী ছাড়া কারোরই ভয় পাওয়ার কারণ নেই। হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ নিজস্ব কৌশলে এগোচ্ছে। ইতিমধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাবনার বেড়া উপজেলার ঢালারচর পুলিশ ফাঁড়ির এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ ও সেপাই শফিককে গত মঙ্গলবার রাতে গুলি করে হত্যা করে চরমপন্থী সন্ত্রাসীরা।