পাবনায় চরমপন্থী খুন, নাটোরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
পাবনার সাঁথিয়ায় গত মঙ্গলবার রাতে চাঁদ আলী মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
একই রাতে নাটোরের গুরুদাসপুরে আবদুর রশিদ (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সঁাথিয়ার মাহমুদপুর গ্রামের চাঁদ আলী মোল্লা মঙ্গলবার রাতের বেলা ফসলের মাঠে সেচের পানি দিতে বের হন। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি হত্যার পর মাহমুদপুর-গোবিন্দপুর গ্রামের মাঝখানের একটি পাটখেতে ফেলে রেখে যায়। গতকাল সাঁথিয়া থানার পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে৷ পরে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়৷
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, চাঁদ আলীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে গুরুদাসপুর উপজেলার মশিন্দা কান্দিপাড়া গ্রামের আবদুর রশিদকে মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ গতকাল দুপুরে মনজুয়ারা বেগম (৪২) নামের এক নারীর ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে আবদুর রশিদের ছেলে আবদুল মতিন বাদী হয়ে একই গ্রামের আবু বক্কার, তাঁর স্ত্রী মনজুয়ারা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ মনজুয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির পরিবারের দাবি, মঙ্গলবার রাত আটটার দিকে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা তাঁকে পিটিয়ে হত্যা করে।