পাবনায় চরমপন্থী নেতা খুন
পাবনার ফরিদুপর উপজেলার হাদল ইউনিয়নের শিকুড়ি গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে মো. নূর ইসলাম (৩৮) নামের এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) স্থানীয় নেতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে সাত-আটজনের একদল সন্ত্রাসী নূর ইসলামকে শিকুড়ি গ্রামের বাড়ি থেকে পাশের একটি বিলের মধ্যে নিয়ে যায়। এরপর বেলা একটার দিকে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ বিলের মধ্যে ফেলে রেখে চলে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর লাশ উদ্ধার নিয়ে ফরিদপুর থানা এবং পার্শ্ববর্তী চাটমোটর থানার মধ্যে টানাটানি শুরু হয়। উভয় থানা দাবি করে, ঘটনাস্থল তাদের এলাকার বাইরে। এ অবস্থায় লাশ সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলেই পড়ে ছিল। পরে সন্ধ্যা ছয়টার দিকে ফরিদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।