পাবনায় চাঁদাবাজি বন্ধের দাবি পরিবহন মালিকদের
পাবনার বিভিন্ন সড়কে কমিটিহীন জেলা মোটর মালিক গ্রুপসহ বিভিন্ন সংগঠনের নামে যানবাহনে ব্যাপক চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী মোটরমালিক ও শ্রমিকেরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাননি। বাধ্য হয়ে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মোটরমালিকদের একাংশ গতকাল রোববার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পড়ে শোনান পরিবহন মালিক ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এম এ কাফী সরকার। পরিবহনমালিক এম এ কাফী সরকার বলেন, ‘আমরা এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছি। মালিকদের একটি পক্ষই এ কাজ করছে। বিষয়টি জেলা প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, রাজশাহী বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন মহলে জানানো হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। আমরা অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।’
সংবাদ সম্মেলনে পরিবহনমালিকদের পক্ষ থেকে জানানো হয়, জেলা মোটর মালিক গ্রুপ এখন দুই ভাগে বিভক্ত। ফলে প্রশাসনের তরফ থেকে সব ধরনের চাঁদা ওঠানো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও এই গ্রুপসহ বিভিন্ন সংগঠনের নামে জেলার বিভিন্ন সড়কে পরিবহন থেকে চাঁদা তোলা হচ্ছে। মালিকদের পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও প্রতিদিন জেলার দাশুড়িয়া মোড়, আতাইকুলা, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহরের আবদুল হামিদ সড়কে যানবাহনে চাঁদাবাজি চলছেই।
জেলা মোটর মালিক গ্রুপের সর্বশেষ বিলুপ্ত কমিটির সভাপতি বেবী ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবহন সেক্টরে নজিরবিহীন চাঁদাবাজি শুরু হয়েছে। মালিক, শ্রমিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই এই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছে। পরিবহন ব্যবসাকে রক্ষা করতে অবিলম্বে সব ধরনের চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার।
পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, ‘মোটর মালিক গ্রুপের দায়িত্ব এখন আর আমাদের ওপর নেই। এরপরও মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মাইকিং করে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছি। কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে না বলেই জানি। তবে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’