পাবনায় চারটি ভোটকেন্দ্রে আগুন উদ্বেগ-উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের পাবনা-১ আসনে গতকাল শনিবার চারটি নির্বাচন কেন্দ্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরিত হয়েছে পাবনা-৩ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে। ভোটারদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) ও পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আজ ভোট হচ্ছে। এই দুই আসনের মোট ২৭৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে পুলিশ চিহ্নিত করেছে। এর ২৫টি কেন্দ্র বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
পাবনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনী প্রচারে পুলিশকে ব্যবহার, নির্বাচনী এজেন্টদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ এনেছেন। তবে প্রতিমন্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন।
গতকাল ভোর পাঁচটার দিকে সাঁথিয়া উপজেলার সামান্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ইতিমধ্যে একটি শ্রেণীকক্ষের কয়েকটি বেঞ্চ পুড়ে যায়। বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকার হাতিগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেওয়া হয়। এখানে একটি শ্রেণীকক্ষের দরজা সামান্য পুড়েছে। রাত পৌনে আটটার দিকে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর খেপুপাড়া শিরপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল হামলার পর অগ্নিসংযোগ করা হয়। রাত সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুই কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, বেড়া-সাঁথিয়ায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে শামসুল হক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদের মধ্যে। তালা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবু সাইয়িদ।
এ ছাড়া ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম হাতুড়ি ও জাতীয় পার্টির (মঞ্জু) আরাফাত ইয়াছিন বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোটার তিন লাখ ৩১ হাজার ৮৬৪ জন। এখানে ১১৮টি কেন্দ্রের ৬৩৯টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
সাঁথিয়ার চেয়ে বেড়াতেই উদ্বেগ-উৎকণ্ঠা বেশি। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর বাড়িই এখানে। তা ছাড়া এই আসনে বিএনপি-জামায়াতের অবস্থানও শক্তিশালী।