পাবনায় ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় ছাত্রদলের কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ, ভাঙচুর ও ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। তাঁদের দাবি, কমিটি গঠনে যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়নি। ফলে এ ঘটনা ঘটেছে। দলীয় সূত্রে জানা গেছে, শহরের দিলালপুর মহল্লায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে সোমবার রাতে পাবনা সদর থানা ছাত্রদল, শহরের সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্রদল এবং জেলার চাটমোহর উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পদ না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জানান, নতুন কমিটি গঠনে দলের যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করা হয়নি। ফলে তাঁরা বিক্ষুব্ধ হয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, দলের যোগ্য নেতৃত্ব দেখেই পদ বণ্টন হয়েছে। সবাই নতুন কমিটি মেনেও নিয়েছে। তবে কিছু বিক্ষুব্ধ কর্মী পদ না পেয়ে কার্যালয়ের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন।