পাবনা জেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সরকারি এডওয়ার্ড কলেজে গতকাল সোমবার ছাত্রলীগের দুই অংশ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১২ পুলিশসহ ১৯ জন আহত হয়েছে।জানা যায়, রোববার শহরের সার্কিট হাউসে পাবনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়। পদবঞ্চিত নেতা-কর্মীরা ওই কমিটি বাতিল ও ১৫ দিনের মধ্যে নতুন কমিটি দেওয়ার দাবি জানিয়ে গতকাল বেলা একটার দিকে কলেজে বিক্ষোভ মিছিল করেন। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মিছিলটি কলেজের কলা বিভাগের সামনে থেকে অধ্যক্ষের বাসভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিজ্ঞান বিভাগের সামনে থেকে ছাত্রলীগের অপর অংশের নেতা-কর্মীরা কলা বিভাগের দিকে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় পুলিশ ও ছাত্রলীগের দুই অংশের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ২০ মিনিটব্যাপী সংঘর্ষের পর পদবঞ্চিত অংশের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছেড়ে যান। সংঘর্ষে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিজয় কুমার ও জিয়াউর রহমানসহ ১২ পুলিশ সদস্য এবং ছাত্রলীগের সাত কর্মী আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আহম্মেদ শরীফ বলেন, ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা কলেজ ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলা চালাচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে সাধারণ সম্পাদককে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি এবং পুলিশকে জানাই। কিন্তু পুলিশ তাঁদের পক্ষ নিয়ে লাঠিপেটা করে আমাদের সাত কর্মীকে আহত করে।জেলা ছাত্রলীগের সভাপতি পদে পরাজিত প্রার্থী মো. আবদুল আজিজ সংঘর্ষের ঘটনার পর কলেজের দ্বিতীয় গেটে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, রোববার জেলা ছাত্রলীগের সম্মেলনস্থলে ৫০১ জন ভোটারসহ সব নেতা-কর্মীকে বসিয়ে জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি সার্কিট হাউসে অবৈধভাবে পকেট কমিটি ঘোষণা করেছেন। নতুন কমিটির ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠন করা হয়েছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ কোনো পক্ষকে সমর্থন করেনি। পদবঞ্চিত নেতা-কর্মীদের মিছিলে বাধা দিলে পেছন থেকে ছাত্রলীগের একদল নেতা-কর্মী পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ উভয় পক্ষকে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আরও জানান, রোববার শহরে ভাঙচুরের সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাকের মিষ্টির দোকানে ভাঙচুর হওয়ায় মামলা হয়েছে। মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ ১২ জনকে আসামি করা হয়েছে।