পাবনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালক নিহত, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে।নিহত অটোরিকশাচালকের নাম সবুজ হোসেন (৩০)। তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলার টাংবাড়ী গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবেশে ছিনতাইকারী চক্রটি রাত সাড়ে ১১টার দিকে সাঁথিয়া থেকে পাবনায় যাওয়ার নাম করে সবুজের সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। পথে বহালবাড়িয়া নামক স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা সবুজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে সবুজকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।এদিকে ঘটনার সময় সবুজের চিৎকারে এগিয়ে আসা লোকজন ছিনতাই হয়ে যাওয়া অটোরিকশাটিকে ধাওয়া করে চারজনকে আটক করে। এঁরা হলেন: সাঁথিয়ার বিষ্ণুপুর গ্রামের সাইফুল ইসলাম (২৭), পাবনা সদরের আরিফপুর বলরামপুরের আমীর আলম (৪২), কাচারীপাড়ার আল আমিন (২০) ও মিরাজুল ইসলাম (২৪)। তাঁদের গণধোলাই দিয়ে সাঁথিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।