পাবনায় জমি নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মোশারফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মোশারফ হোসেনের ছেলে আল আমিন (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত মোশারফ হোসেন দুই বছর আগে গ্রামের আবদুল হামিদের বাড়ির পাশে দুই বিঘা জমি কেনেন। পরবর্তী সময়ে জমিটির সীমানা নির্ধারণ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। গতকাল বেলা দুইটার দিকে মোশারফ হোসেন ও তাঁর ছেলে আল আমিন জমিটিতে বেড়া দিতে গেলে আবদুল হামিদের লোকজন তাতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষরা বাবা ও ছেলেকে বেদম পিটুনি দিয়ে পালিয়ে যায়। এতে মারা যান মোশারফ হোসেন।