পাবনায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার থানাপাড়া মহল্লায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে রিফাজ উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন। আহত ব্যক্তিদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা আলাউদ্দিন আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, মহল্লার আবদুল আজিজ ও মো. আলাউদ্দিন আলীর মধ্যে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে আবদুল আজিজ বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে আলাউদ্দিনের লোকজন বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষ একে অপরের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লে ১৫ জন আহত হন। তাঁদের সবাইকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার রাতে রিফাজ উদ্দিন মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনায় নিহত ব্যক্তির বাবা মো. আলাউদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আবদুল মজিদ (৩৫) ও আমজাদ হোসেন (২৫) নামের দুই আসামিকে গ্রেপ্তার করে গতকাল বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।