পাবনায় জলাবদ্ধতা, ভোগান্তি
‘পাবনার রাস্তায় বৃষ্টিতে এত পানি জমে! বুদ্ধি হওয়ার পর এই প্রথম দেখলাম’ বন্ধুর ফেসবুক পাতায় পাবনা শহরের জলাবদ্ধতার ছবি দেখে উক্তিটি লেখেন শারমিন আক্তার নামের এক নারী। একই ছবিতে আশিক ইকবাল নামের অপর এক ব্যক্তি উক্তি করেন, ‘পাবনায় এমন জলাবদ্ধতা আগে কখনো দেখিনি।’
গত রোববার দিনভর বৃষ্টিতে পাবনা জেলা শহরের অধিকাংশ সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগী ব্যক্তিরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজ নিজ পাতায় পোস্ট করতে থাকেন ভোগান্তির নানা ছবি। এরই সূত্র ধরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জলাবদ্ধতার ভয়াবহ অবস্থা।
পাবনার ঈশ্বরদী আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, পাবনায় গত রোববার ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাত ছিল ৩৮ দশমিক ২ মিলিমিটার। তবে এই মাত্রা চলতি মৌসুমের মধ্যে মাঝারি। গত জুলাইয়ের মাঝামাঝিতে এক দিনের গড় বৃষ্টিপাত ছিল ৮১ দশমিক ৯ মিলিমিটার।
গত রোববার বিকেলে সরেজমিন দেখা যায়, বৃষ্টির পানিতে ডুবে আছে শহরের শিবরামপুর, শালগাড়িয়া, মধ্য শহরের পাবনা কলেজ সড়ক, আওরঙ্গজেব সড়ক, কফিল উদ্দিন পাড়া, বেলতলা সড়ক, রাধানগর, মক্তবপাড়া, জুগিপাড়া, আটুয়া, ময়নামতি, দক্ষিণ রাঘরপুর, বাংলাদেশ ঈদগাহ এলাকা, দিলালপুরসহ বিভিন্ন এলাকার ছোট-বড় সড়কগুলো। কিছু এলাকায় বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনের নিচতলায় ঢুকে গেছে পানি। এর মধ্যেই কোমরপানিতে ভিজে চলাচল করছে এলাকাবাসী। ঝুঁকি নিয়ে চলে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন।
শহরের বিভিন্ন এলাকার ১০ থেকে ১২ জনের সঙ্গে কথা বলে জানা যায়, শহরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত নালা থাকলেও অধিকাংশ নালাই ময়লা আবর্জনায় আটকে আছে। অনেক এলাকার নালাগুলো দীর্ঘদিন মেরামত না করায় ভেঙে পড়েছে। এর ফলে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। অন্যদিকে শহরের পাড়া-মহল্লার পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ ও পানি নিষ্কাশনের প্রধান অবলম্বন ইছামতী নদীও ময়লা-আবর্জনায় নিজের স্রোত হারানোয় শহরের পানি ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না। এতে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় দিনকে দিন এই চাপ বাড়ছে।
রাধানগর জামাইপাড়া মহল্লার রাজিউর রহমান বলেন, তাঁদের মহল্লায় পানি নিষ্কাশনের জন্য বেশ কিছু নালা রয়েছে। কিন্তু নালাগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। এর ফলে অল্প বৃষ্টিতেই মহল্লায় জলাবদ্ধতা দেখা দেয়।
শালগাড়িয়া মহল্লার এতিমখানা পাড়ার খাইরুল ইসলাম বলেন, আগে এ মহল্লার পানি পাশের বড় মাঠ দিয়ে বেরিয়ে যেত। এখন মাঠটিতে বাড়িঘর উঠে আবাসিক এলাকা হয়ে গেছে। এসব এলাকার পানি নিষ্কাশনে নতুন কোনো নালা তৈরি করা হয়নি। অন্যদিকে অন্তত ১০ থেকে ১২ বছর ধরে নালাগুলো মেরামত না করায় পুরোনো নালাগুলোও ভেঙে পড়েছে। এতে পানির নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বাড়ছে ভোগান্তি।
শিবরামপুর মহল্লার জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অল্প বৃষ্টিতেই মহল্লার প্রতিটি রাস্তায় পানি জমে যাচ্ছে। এই পানি নিষ্কাশন হতে সময় লাগছে চার থেকে পাঁচ ঘণ্টা।’
পাবনা পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকার বিভিন্ন মহল্লা মিলে প্রায় ১০০ কিলোমিটার নিষ্কাশন নালা রয়েছে। এসব নালা শহরের বিভিন্ন এলাকায় জমা বৃষ্টির পানি ইছামতী নদীতে নিয়ে গিয়ে ফেলে।
এ প্রসঙ্গে পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান বলেন, ‘আমরা এরই মধ্যে নতুন ড্রেন ও রাস্তার কাজ শুরু করেছি। নিয়মিত নালা পরিষ্কার করা হচ্ছে। তবে শহরের কিছু এলাকা অপেক্ষাকৃত নিচু থাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হচ্ছে। স্থায়ীভাবে এই জলাবদ্ধতা দূর করতে বেশ কিছু প্রকল্প অনুমোদন করা হয়েছে। বৃষ্টির মৌসুম পার হলেই কাজ শুরু হবে।