পাবনায় জলাশয়ের দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর গ্রামে আজ বুধবার সন্ধ্যায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আমজাদ মণ্ডল (৫০) নামের এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি ওই গ্রামেই।

স্থানীয় এলাকাবাসী জানান, স্থানীয় একটি জলাশয়ের দখল নিয়ে গ্রামের জালাল মণ্ডল ও হাছেন মণ্ডল নামের দুই ব্যক্তির বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত সোমবার (৩১ মার্চ) উভয় পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ বিকেলে গ্রামের গণি মোল্লার বাড়িতে সালিস বৈঠক বসে। বৈঠকে দুপক্ষের কথা-কাটাকাটি হওয়ায় কোনো সমঝোতা হয়নি। সন্ধ্যা সাতটার দিকে উভয় পক্ষ বাড়ি ফেরার পথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ে আমজাদ মণ্ডলসহ আরও প্রায় ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আমজাদ মণ্ডল মারা যান। আহত অবস্থায় পল্টু হোসেন (৬০), মুকুল হোসেন (২৫), আল আমিন (৩০), ইউনুস হোসেন (৪১), আফসার হোসেন (৪০) ও আজমত হোসেনকে (১৮) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জালাল মণ্ডল ও হাছেন মণ্ডল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে তাঁরা কোনো পদে নেই।

এদিকে জালাল মণ্ডল ও হাছেন মণ্ডলের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জেনেছি জলাশয়ের দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’