পাবনায় জামায়াত ও শিবিরের ছয় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
পাবনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা করেছে পুলিশ। গত বুধবার রাতে পাবনা-ঢাকা মহাসড়কে নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়।জয়পুরহাটে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনায় শিবিরকর্মীদের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, রাজশাহী বিভাগে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে বুধবার সকালে পাবনায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার চক্রবর্তীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও তাঁকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে সন্ধ্যার পর আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা পুষ্পপাড়া এলাকায় শিবিরের একটি অফিস পুড়িয়ে দেন।সদর থানার ওসি জসিমউদ্দিন সরকার বলেন, সরকারি কাজে বাধাদান এবং পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াত-শিবিরের ৭৬ জনের নাম উল্লেখসহ পাঁচ হাজার থেকে ছয় হাজার নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।এদিকে কয়েকটি ইসলামি দলের ডাকা গতকালের হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যায় জয়পুরহাট শহরে ঝটিকা মিছিল থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ নয়টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় শিবিরের ২০-২২ জন কর্মীকে আসামি করে সদর থানায় দুটি মামলা হয়েছে।