পাবনায় জামায়াতের ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা জামায়াতে ইসলামীর ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। শহরে যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। সকালের প্রথম ভাগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কয়েক জায়গায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেন। তবে পরে আর তাঁদের দেখা যায়নি।
হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির মামলায় গত সোমবার দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল ও শহর শাখা শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে জেলা জামায়াত ওই হরতাল ডাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের ক্যালিকো কটন মিল এলাকাসহ কয়েকটি স্থানে ও পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দু-এক জায়গায় হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাঁরা সরে যান। এরপর দিনে আর কোথাও হরতালের সমর্থনে কাউকে মাঠে দেখা যায়নি। শহরে ব্যক্তিগত যানবাহন, মাইক্রোবাস, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। অধিকাংশ দোকানপাটও খোলা দেখা গেছে। তবে হরতালে নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।