পাবনায় জালিয়াতি করে শিক্ষক নিয়োগ, দুই ভাইয়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় জালিয়াতির মাধ্যমে শিক্ষক পদে নিয়োগের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।গতকাল বুধবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী আবদুল মালেক (৫০)। অন্যজন তাঁর ছোট ভাই তাড়াশ উপজেলার নাদো সৈয়দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মজিদ (৪০)। দুদকের পাবনা কার্যালয়ের উপপরিদর্শক শহীদুর রহমান জানান, ১৯৯৩ সালের ১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আবদুল মালেকের ছোট ভাই আবদুল মজিদের জন্য ভুয়া নিয়োগপত্র তৈরি এবং চাকরির খতিয়ান বইয়ে তাঁর নাম সংযোজন করেন। এরপর তাঁকে তাড়াশ উপজেলার নাদো সৈয়দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন। দীর্ঘ আট বছর চাকরি করার পর বিষয়টি জানাজানি হয়। ২০০১ সালের ১৩ নভেম্বর দুদকের সিরাজগঞ্জ ব্যুরোর সহকারী পরিদর্শক আবু হাসান বাদী হয়ে দুই ভাইকে আসামি করে তাড়াশ থানায় একটি মামলা করেন। তদন্তের পর ২০০৩ সালের প্রথম দিকে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।