দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার ঘটনায় পাবনায় করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাবনা জেলা শাখার কমান্ডার নূরুল ইসলাম কাউছারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সোমবার জেলা বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুর কাদের এ রায় দেন।মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার সময় পাবনার গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে বোমা বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। বিভিন্ন সময়ে এ মামলায় ১৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়। ২০০৭ সালের ৩০ অক্টোবর গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে নূরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার এই রায় দেন।গ্রেপ্তার ১: আমাদের কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক জানান, সদর থানার পুলিশ গত সোমবার রাতে জেএমবির সদস্য হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।