পাবনায় টিআরের ১৫৩ টন গম ফেরত গেল যে কারণে
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কমিটি জমা না দেওয়ায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের অধীনে পাবনা পৌরসভায় বরাদ্দ দেওয়া প্রায় ১৫৩ মেট্রিক টন গম ফেরত গেছে। পাবনা-৫ আসনের সাংসদ ও পৌর মেয়রের মধ্যে সমঝোতা না হওয়ায় এই বরাদ্দ বাতিল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত অর্থবছরে পাবনা পৌরসভার অনুকূলে বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য ১৫২ দশমিক ৯৯৮ মেট্রিক টন গম বরাদ্দ আসে। গম বণ্টনের জন্য প্রকল্প ও প্রকল্প কমিটি দাখিলের শেষ তারিখ ছিল ২৭ জুন। ২০ জুন সাংসদ গোলাম ফারুক খন্দকার ২৯টি প্রতিষ্ঠানের জন্য ৭৬ মেট্রিক টন বরাদ্দ চেয়ে জেলা প্রশাসন বরাবর চাহিদাপত্র দেন। ওই দিনই পৌর মেয়র কামরুল হাসান ৭৬টি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া গমের অপর একটি তালিকা জমা দেন। ওই তালিকায় সাংসদের সুপারিশ করা প্রতিষ্ঠানগুলোর বিপরীতে বরাদ্দের পরিমাণ কমানো হয়। পিআইও কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলা প্রশাসন নিয়মানুযায়ী ২৪ জুন পৌরসভা থেকে দাখিল করা তালিকা অনুমোদন করেন। অনুমোদিত এই তালিকার অনুকূলে ২৭ জুনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রতিটি প্রতিষ্ঠানের প্রকল্প কমিটি পাঠানোর বিধান রয়েছে। কিন্তু পৌর মেয়র নির্ধারিত সময়ে ইউএনওর কার্যালয়ে প্রকল্প কমিটি জমা দেননি। এতে ৩০ জুন বিগত অর্থবছরের হিসাব শেষ হওয়ায় গম ফেরত যায়। ইউএনও মো. আবদুল হালিম বলেন, ‘নির্ধারিত তারিখের মধ্যে আমি প্রকল্প কমিটি পাইনি।’পৌর মেয়র কামরুল হাসান বলেন, ‘সর্বসম্মতভাবে পৌর এলাকার ৭৬টি প্রতিষ্ঠানের জন্য গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কমিটি না পাওয়ায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।’সাংসদ গোলাম ফারুক খন্দকার বলেন, ‘প্রকল্পের উপদেষ্টা হিসেবে আমি পৌর এলাকার ২৯টি প্রতিষ্ঠানের জন্য ৭৬ মেট্রিক টন গমের বরাদ্দ চাই। কিন্তু আমার দেওয়া তালিকা অনুমোদন হয়নি।’জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির বলেন, ‘আমি পৌর মেয়রকে সাংসদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছিলাম। তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয় করে প্রকল্প কমিটি জমা দিতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী প্রকল্প বাতিল হয়ে গেছে।