পাবনায় ট্রাকচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের কাশিনাথপুর এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে গতকাল সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন এবং কুমিল্লা ও নাটোরে একজন করে মারা গেছেন।

প্রথম আলোর পাবনা অফিস জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সুজানগর উপজেলা সদরের জালাল খান (৪৫), কাদোয়া গ্রামের আবুল কালাম (৩৬), মানিকহাট গ্রামের আবদুল মালেক (৩৫), তাঁর স্ত্রী পান্না খাতুন (৩০), দুলাই বিষ্ণুপুর গ্রামের সাধন (২৭) ও বগুড়া জেলার শিবপুর গ্রামের হাসিনা খাতুন (২৮)।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সুজানগর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে যাচ্ছিল। যাত্রাপথের একদম শেষদিকে একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সামনে পড়ে এটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

আমিনপুর থানার ওসি তাজুল হুদা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ট্রাকচালকের বিরুদ্ধে একটি মামলা করার কথা জানানো হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকের মালিক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

প্রথম আলোর মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা-যশোর সড়কের শালিখার শতখালীতে গত রোববার সন্ধ্যায় মালবাহী ট্রাকের চাপায় একটি প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের পাতিলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪০)। একই দিন রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার রামনগরে যশোরগামী একটি অ্যাম্বুলেন্সের চাপায় মারা যান রামনগরের দুর্গাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আবুল কালাম (৪৫)। মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুর রউফ বলেন, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

কুমিল্লায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সানানগর উষা জুট মিলের সামনের মহাসড়কে গতকাল সকালে বাসের চাপায় সফিউল্লাহ (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। মহাসড়ক (হাইওয়ে) পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মনিরুল ইসলাম বলেন, মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস সফিউল্লাহকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রথম আলোর নাটোর প্রতিনিধি জানান, জেলার বড়াইগ্রামে মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গতকাল বেলা ১১টার দিকে দুটি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের হেলপার (৩৫) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় বলে জানা গেলেও তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বনপাড়া হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই দুই ট্রাকেরই চালক পালিয়ে যান। ট্রাক দুটি জব্দ করা হয়েছে।