পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্র জন্মোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা সদরের হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমে গতকাল মঙ্গলবার ঠাকুরের ১৩০তম আবির্ভাব (জন্ম) দিবস উপলক্ষে তিন দিনের উৎসব শুরু হয়েছে। শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর এ উৎসবের আয়োজন করেছে।

উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থান এবং বিদেশ থেকে ঠাকুরের ভক্তরা হিমাইতপুরে আসছেন। তাঁদের পদচারণে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। বসেছে বিভিন্ন পণ্যের মেলা। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

আশ্রমের ভারপ্রাপ্ত সম্পাদক যুগল কিশোর ঘোষ জানান, প্রতিবছর দেশ-বিদেশের ৫০ থেকে ৬০ হাজার ভক্ত এই উৎসবে অংশ নেন। এবারও ভক্তরা আসতে শুরু করেছেন।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকাটি কয়েকটি স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েক জন জানান, সকালে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আশ্রমের ঋত্বিক সচিব রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পঙ্কজ কুমার বিশ্বাস ও মৃণাল কান্তি ঘোষ। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক নরেশ সি মধু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ব কল্যাণে
বিশেষ প্রার্থনা, ভক্তি সংকীর্তন, রামায়ণ গান ও বাউলসংগীত পরিবেশন করা হয়।

আজ বুধবার দ্বিতীয় দিনে ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঋত্বিক সম্মেলন, কিশোর মেলা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মসভা, পুষ্পাঞ্জলি অর্পণ, প্রদীপ প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। আজকের অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। কাল বৃহস্পতিবার সমবেত প্রার্থনা, গ্রন্থাদি পাঠ, ‘সৎসঙ্গ চায় মানুষ’ শীর্ষক আলোচনা সভা ও রাতে রামায়ণ কীর্তনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।