পাবনায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির এক মামলায় গতকাল বৃহস্পতিবার সমন জারি করেছেন পাবনার এক আদালত। সমনে তাঁকে আগামী ২৪ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাবনা আমলি আদালত-১-এ ১৬ ফেব্রুয়ারি মামলাটি করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম। এ মামলার শুনানির দিন ধার্য ছিল গতকাল।
মামলার এজাহারে বাদী দাবি করেন, ২০০৬ সালে মাহ্ফুজ আনাম প্রকাশ্যে ও গোপনে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ওই সময় তিনি ডেইলি স্টার পত্রিকায় বিভিন্ন মিথ্যা সংবাদ পরিবেশন করেন, যা গর্হিত, অসম্মানজনক ও মানহানিকর। এতে বাদী মানসিকভাবে আহত ও আঘাতপ্রাপ্ত হয়েছেন, যা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।
আদালত সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে পাবনা আমলি আদালত-১-এর বিচারক মো. রেজাউল করিম শুনানি শেষে সমন জারি করেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে গত সোমবার পর্যন্ত ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ৭৭টি মামলা করা হয়েছে। প্রায় সব কটি মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী ও সরকারি কৌঁসুলি।