পাবনায় তরুণের লাশ উদ্ধার
পাবনা পৌর এলাকার বালিয়াহালট মহল্লার একটি পুকুর থেকে গতকাল শুক্রবার মাসুদ রানা (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সাঁথিয়া উপজেলার বিলকুলা গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ রানা বাড়ি থেকে চার দিন আগে পাবনা শহরে চাচার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। এরপর বালিয়াহালট মহল্লার একটি পুকুরে গতকাল তাঁর লাশ পাওয়া যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, পুকুরে কচুরিপানা দিয়ে মাসুদ রানার লাশটি ঢাকা ছিল। এলাকাবাসী তা দেখতে পেয়ে থানায় খবর পাঠান। বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি হানিফুল ইসলাম আরও বলেন, ‘লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্য কোনোভাবে তাঁকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছিল। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’