পাবনায় তারামন বিবিকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে টিপটিপ বৃষ্টি। ভেতরে মৃদু আলোতে হলভর্তি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। কখন মঞ্চে উঠবেন প্রধান অতিথি। সঞ্চালকের কণ্ঠে প্রধান অতিথি তারামন বিবির (বীর প্রতীক) নাম ঘোষণা হওয়া মাত্র করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান অঙ্গন। একে একে অন্য অতিথিরা মঞ্চে ওঠেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দোয়েল সেন্টারে এভাবেই শুরু হয় পাবনার অন্যতম নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের ২৯তম বর্ষপূর্তি অনুষ্ঠান।আলোচনা পর্বে সংগঠনের উপদেষ্টা বেবী ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট নারী শিল্পোদ্যোক্তা কবি সোহানী হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি গণেশ দাস, সহসভাপতি রাজিউর রহমান ও পাবনা ড্রামা সার্কেলের উপদেষ্টা প্রকৌশলী বিশ্বজিত রায়।প্রধান অতিথির বক্তব্যে তারামন বিবি বলেন, ‘অনেক মেহনত করে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করিছি। দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো দেশের মানুষির জন্য মেহনত করে। ইটা এক প্রকার যুদ্ধ। তাই আমারে তাদের পাশে থাকা উচিত।’আলোচনা শেষে শুরু হয় সংবর্ধনা পর্ব। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখার জন্য পাবনা ড্রামা সার্কেলের সদস্যরা তারামন বিবিকে সংবর্ধনা দেন। এ সময় একুশে বইমেলা পরিষদের উপদেষ্টা ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম সাইদুল হক তারামন বিবির হাতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন। সব শেষে পাবনা ড্রামা সার্কেলের ৩৮তম প্রযোজনা নাটক কিস্তিমাত পরিবেশিত হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দেন নাট্যকার ফিরোজ খোন্দকার।