পাবনার বেড়া উপজেলার ঢালারচর পুলিশ ফাঁড়ির তিন পুলিশ হত্যার ঘটনা পরিকল্পিত। খড়ি (জ্বালানি কাঠ) বিক্রির কথা বলে ডেকে তাঁদের হত্যা করা হয়। গ্রেপ্তার করা আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ এ তথ্য জানিয়েছে।এ দিকে ওই হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বিল নুরুদ্দিনপুর এলাকা থেকে আবদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে তিনজনই রাজবাড়ী জেলা থেকে গ্রেপ্তার হন।বেড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের নাদের প্রামাণিক (৫২), বেড়া উপজেলার ঢালারচর গ্রামের আবদুর রহিম (২৫) ও পুরান মাসুন্দিয়া গ্রামের ওয়াজেদ আলীকে (৪২) ২৫ জুলাই চার দিনের রিমান্ডে নেওয়া হয়। বেড়া থানায় জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার তাঁদের জেলহাজতে পাঠানোর কথা। অপরদিকে রাজবাড়ী সদর থানার পুলিশের হাতে গ্রেপ্তার রাজবাড়ী সদর উপজেলার সমেলপুর গ্রামের তাজু খাঁ (৩০) ও নয়নপুর গ্রামের সায়েম উদ্দিনকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য বেড়া থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ড পরিকল্পিত: বেড়া থানার পুলিশের একটি সূত্র জানায়, হত্যাকাণ্ডের ঘটনাটি ছিল পরিকল্পিত। কীভাবে এবং কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, পুলিশের কাছে তা এখন অনেকটাই স্পষ্ট। সূত্র জানায়, ঢালারচর পুলিশ ফাঁড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মাসুন্দিয়া ইউনিয়নের রাজধরদিয়া গ্রামে তাজু খাঁ (রাজবাড়ী পুলিশের হাতে গ্রেপ্তার) একটি বড় নৌকা তৈরি করেন। নৌকা তৈরির পর প্রচুর কাঠ বেঁচে যায়। ঘটনার দিন (২০ জুলাই) ঢালারচর গ্রামের পল্লি চিকিৎসক আবদব্দুর রহিম (বেড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার) এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে ওই কাঠ বিক্রি হবে বলে জানান। ফাঁড়িতে জ্বালানি কাঠের সমস্যা থাকায় ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই কফিল উদ্দিন বিকেলে কাঠ কিনতে যাওয়ার কথা বলেন। কথামতো ওই দিন বিকেলে এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ, সিপাই শফিক, সিপাই রশীদ ও পুলিশের সোর্স আবদুল গণি মোষের গাড়িতে করে রাজধরদিয়া গ্রামে জ্বালানি কাঠ কিনতে যান। মোষের গাড়িতে কাঠ বোঝাই করে ফেরার পথে রাত আটটার দিকে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালালে এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ ও সিপাই শফিক ঘটনাস্থলেই প্রাণ হারান। সিপাই রশীদ ও সোর্স আবদুল গণি দৌড়ে পালিয়ে জীবন বাঁচান। ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী কয়েক ভাগে বিভক্ত হয়ে হত্যাকাণ্ডে অংশ নেয়। হত্যাকাণ্ড শেষে তারা পশ্চিম দিকের গ্রাম বরাবর চলে যায়। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে। হত্যাকারীদের সম্পর্কেও বেশ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে আপাতত তা বলা যাচ্ছে না। রাজবাড়ীতে আরেকজন গ্রেপ্তার: মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বিল নুরুদ্দিনপুর এলাকা থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আবদুর রহমান খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন গাজী। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার জানান, ঢালারচরে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুর রহমানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। চরমপন্থীদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বাড়ি বিল নুরুদ্দিনপুর এলাকায়। গতকাল বুধবার তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ বলেন, আবদুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি বেড়া থানাকে জানানো হয়েছে।