পাবনায় তিন পুলিশ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় তিন পুলিশ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু ও ঢাকার আশুলিয়া থেকে গত শুক্রবার সন্ধ্যায় নিজাম ফকির (৩০) ও আক্কাস আলী (৫৫) নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পাবনার বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। নিজামের বাড়ি বেড়া উপজেলার রাজধরদিয়া গ্রামে এবং আক্কাসের বাড়ি একই উপজেলার পশ্চিম কাছাদিয়া গ্রামে। গতকাল এই দুজনের সঙ্গে একই ঘটনায় গত বৃহস্পতিবার রাজবাড়ীতে গ্রেপ্তার নূরু মণ্ডলকেও ওই আদালতে হাজির করা হয়। নূরুর সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিচারক এ কে আজাদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বীকারোক্তি গ্রহণের পর আক্কাস ও নিজামকে জেলহাজতে পাঠানো হয়েছে।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আক্কাস ও নিজাম আদালতে জবানবন্দী দিয়েছেন। নূরুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’ গত ২০ জুলাই রাতে পাবনার বেড়া উপজেলার ঢালারচর পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা।