পাবনায় তিন সাংবাদিককে হত্যার হুমকি
পাবনায় তিন সাংবাদিককে গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পাবনা সদর থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, বেলা একটা ৫১ মিনিটে ০১৭৬৪-০০৭৬১৪ নম্বর থেকে সমকাল এবং এনটিভি পাবনার স্টাফ রিপোর্টার এ বি এম ফজলুর রহমান, একই নম্বর থেকে একটা ৫৩ মিনিটে চ্যানেল আই ও যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান এবং একটা ৫৮ মিনিটে এটিএন বাংলা এবং এটিএন নিউজ প্রতিনিধি উৎপল মির্জাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। সন্ত্রাসীরা ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের হাত কেটে নেবে বলে ভয় দেখায় এবং গালিগালাজ করে। বিষয়টি জানাজানি হলে পাবনায় কর্মরত সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ ও সম্পাদক আহমেদ উল হক এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিগগির সন্ত্রাসীকে শনাক্ত করা হবে।