পাবনায় দুই কলেজের শিক্ষকদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের চাপের মুখে কলেজে ভর্তি বন্ধ ও অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষকেরা গতকাল বুধবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল শিক্ষকেরা কালো ব্যাচ ধারণ করে মানববন্ধন ও মৌন মিছিল করেন। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। বুলবুল কলেজের শিক্ষকদের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারি মহিলা কলেজের শিক্ষকেরাও গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষকেরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সরকারি শহীদ বুলবুল কলেজ কর্তৃপক্ষ বলছে, ছাত্রলীগ নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির দাবি তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় বাধ্য হয়ে ভর্তি-প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। গত মঙ্গলবার কলেজ অধ্যক্ষ সৈয়দ আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, বেলা আড়াইটার দিকে তিনি কলেজ থেকে বাসায় ফিরছিলেন। পথে জুবলি ট্যাঙ্ক এলাকায় ছাত্রলীগের নেতারা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।বুলবুল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুর রাজ্জাক জানান, ঘটনার পর মঙ্গলবার বিকেলে কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের এক জরুরি সভা হয়। সভায় সব শিক্ষক-কর্মচারী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষকেরা কালো ব্যাচ ধারণ করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেন।যার পরিপ্রেক্ষিতে গতকাল সকালে কলেজের সব শিক্ষক-কর্মচারী কলেজের সামনে আতাইকুলা সড়কে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক-কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রায় ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা মৌন মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।বুলবুল কলেজের ঘটনার প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি মহিলা কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক পরিষদ জরুরি সভা করে নানা কর্মসূচি ঘোষণা করেছে।সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান জানান, গতকাল দুপুরে কলেজ শিক্ষক পরিষদের জরুরি সভায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন শিক্ষকেরা। সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম নূরুল ইসলাম জানান, শিক্ষক পরিষদের সভায় ঘটনার নিন্দা জানিয়ে এ কলেজের শিক্ষকেরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন। সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ও ছাত্রলীগের নেতা মো. মোর্শেদ আলম সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনায় কলেজ ছাত্রলীগের নেতাদের কোনো হস্তক্ষেপ ছিল না। ছাত্রলীগ নামধারী বহিরাগত ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে।’এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইদুল হক বলেন, ‘আওয়ামী লীগ কখনোই এ ধরনের ঘটনা সমর্থন করে না। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার শাস্তি হওয়া উচিত। আমরা দোষীদের শনাক্ত করার চেষ্টা করছি।’