পাবনায় দুই মানসিক রোগীর মারপিট, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা মানসিক হাসপাতালে আশরাফুল ইসলাম (৪২) নামের এক মানসিক রোগীর মারধরে জয়নাল আবেদিন (৪২) নামের অন্য এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।


নিহত জয়নাল নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাংটাদহ গ্রামের মৃত লঘু শেখের ছেলে। এ ঘটনায় আশরাফুলকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যর একটি কমিটি গঠন করেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আশরাফুল ও জয়নাল দুজনই হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। ভোর সাড়ে ছয়টার দিকে তাঁদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। অন্যরা তখন ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে আশরাফুল বাথরুম পরিষ্কার করার ব্রাশ ভেঙে জয়নালের গলায় আঘাত করেন এবং মুখের ভেতরে ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, আশরাফুল ও জয়নাল দুজনেই মানসিক রোগী। সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটেছে। ঘটনা তদন্তে ৭ সদস্যর একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার পর পুলিশ আশরাফুলকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা করবে বলে জানিয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন।