পাবনায় দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৬৬ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গতকাল সোমবার দুপুরে জেলা বিশেষ জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন প্রাইম ব্যাংক লিমিটেড পাবনা শাখার কর্মকর্তা হাসানুজ্জামান পলাশ। তাঁর বাড়ি যশোর জেলা সদরের পুরাতন কসবা পুলিশ লাইন গেট এলাকায়।
দুদকের পাবনা জেলা কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দণ্ড পাওয়া হাসানুজ্জামান পলাশ প্রাইম ব্যাংক পাবনা শাখার ক্লিয়ারিং সংক্রান্ত যাবতীয় কাজ করতেন। দায়িত্ব পালনকালে তিনি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১২ সালের ১৮ জুন প্রাইম ব্যাংক পাবনা শাখার তৎকালীন ব্যবস্থাপক খন্দকার আবুল মতিন বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেন। ২০১৩ সালের ২৯ জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
আদালত সূত্রে জানা যায়, শুনানি শেষে আদালত একটি ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড; একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড এবং অপর একটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৬৬ লাখ ৩৯ হাজার টাকা জরিমানার আদেশ দেন।