পাবনায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
পাবনা শহরে গতকাল সোমবার অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মামুনুর রশীদ (৩৭) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগের কর্মী টিপু হোসেন (৩৫)। আগের দিন রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুস সালাম (৪৫)।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, নিহত মামুন স্বেচ্ছাসেবক লীগের পাবনা পৌর শাখার যুগ্ম আহ্বায়ক। গতকাল বেলা দুইটার দিকে তিনি ও টিপু শহরের কাচারীপাড়া এলাকায় সাহারা ক্লাবে দাবা খেলছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দু-তিনজন দুর্বৃত্ত এসে তাঁদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত টিপুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, ঠিক কী কারণে কারা দুজনকে গুলি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আহত টিপু পুলিশের কাছে দাবি করেছেন, হামলাকারীদের মধ্যে হাসান নামের এক যুবদলের নেতাকে তিনি চিনতে পেরেছেন।