সহিংসতাকে উদ্বেগজনক বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা
পাবনায় দেড় বছরে ৭৮০ নারী নির্যাতন মামলা, প্রাণহানি ২১
সূর্য খাতুনের হাত ভাঙা। লাভলী খাতুনের মাথায় পাঁচ সেলাই। কাঁদতে কাঁদতে তাঁরা হাজির বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) পাবনা জেলা শাখা কার্যালয়ে। বিচারের আশায়।
৪ জুন বুধবার দুপুরে তাঁদের মুখ থেকে যে বয়ান শোনা গেল, ইদানীং পাবনায় তা হামেশাই ঘটছে। সূর্যর বয়স ৪৫ বছর। বিয়ে হয়েছিল ১৫ বছর বয়সে। দুই ছেলে, এক মেয়ে। বাবার বাড়ি চাটমোহর উপজেলার কচিয়া গ্রামে। স্বামী ফারুক হোসেন শুরু থেকেই ঘরজামাই। তাঁর িনর্দিষ্ট কোনো পেশা ছিল না। অগত্যা সূর্যর বাবা দেড় লাখ টাকা দিয়ে একটি অটোরিকশা কিনে দেন। আয় ভালোই হচ্ছিল। সেটাই হলো সমস্যা। হাতে টাকা আসায় মাদকে আসক্ত হয়ে পড়েন ফারুক। পান থেকে চুন খসলেই স্ত্রীকে মারধর। দিন কয়েক আগে পিটিয়ে ভেঙে দেন স্ত্রীর হাত। পরদিন অটোরিকশা নিয়ে লাপাত্তা।
তিন মেয়ের মা লাভলীর (৩৪) বাড়ি সাঁথিয়ার ভুলবড়িয়ায়। স্বামী খোকন সরদারের আছে স্টিলের আসবাব তৈরির কারখানা ও দোকান। বেশ সচ্ছল পরিবার৷ কিন্তু সমস্যা হলো, স্বামী মজেছেন পরকীয়ায়৷ এ নিয়ে সংসারে অশান্তি। চড়-থাপড় নিত্যদিনের প্রাপ্তি হয়ে উঠেছিল লাভলীর। গত সপ্তাহে পতিপ্রবর রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন। বের করে দিয়েছেন বাড়ি থেকে। অতঃপর লাভলীর ঠাঁই হয়েছে বাবার বাড়িতে, তিন মেয়ে নিয়ে৷ এরপর খোঁজ নিয়ে দেখেন, দোকান বিক্রি করে দিয়ে যাঁর সঙ্গে পরকীয়া করতেন, তাঁকে নিয়ে খোকন নিরুদ্দেশ।
নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ; এমনকি হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা পাবনায় ইদানীং আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের পরিসংখ্যান থেকে দেখা গেছে, গত দেড় বছরে ২১ জন নারী খুন বা অপমৃত্যুর শিকার হয়েছেন। শিশু হত্যা হয়েছে পাঁচটি। চলতি বছরের এপ্রিল পর্যন্ত চার মাসে অন্তত সাতজন নারী খুন বা অপমৃত্যুর শিকার হয়েছেন। ১৩ জানুয়ারি চাটমোহর উপজেলার জগন্নাথপুরে গৃহবধূ চম্পা খাতুনের গলায় ফাঁস দেওয়া লাশ পাওয়া যায় তাঁর ঘরে। সাঁথিয়ার সলঙ্গী গ্রামে ২৫ জানুয়ারি অজ্ঞাতনামা এক তরুণীর লাশ পাওয়া যায় নদীর তীরে। পুলিশের ধারণা, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়৷ এর দুই দিন পরই পাবনা শহরের নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলে পাওয়া যায় নওশীন সুলতানার লাশ। রহস্যময় তাঁর মৃত্যু।
২ ফেব্রুয়ারি চাটমোহর উপজেলার নিমাইপাড়ায় রিজিয়া খাতুন নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়। পরের দিন সাঁথিয়ার নাগডাঙ্গা গ্রামের মালেকা বেগমকে হত্যা করা হয় শ্বাসরোধ করে। মার্চের ১৬ তারিখে আতাইকুলা উপজেলার আড় আতাইকুলা গ্রামে নববধূ বানেছা খাতুনকে যৌতুকের কারণে গলাটিপে হত্যা করা হয়। এপ্রিলের ৪ তারিখে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় খুন হন সাঁথিয়া উপজেলার নূরদহ গ্রামের গৃহবধূ হাজেরা খাতুন। গত বছর খুন হন ১৪ নারী ও পাঁচ শিশু।
পাবনা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালে খোঁজ নিয়ে দেখা গেল, জেলায় গত বছর ৫৩০টি মামলা দায়ের হয়েছে নারী নির্যাতনের। এ বছরের মে মাস পর্যন্ত মামলা হয়েছে ২৫০টি। আদালতে বিচারাধীন রয়েছে প্রায় দেড় হাজার মামলা। এ ছাড়া গত বছর ব্লাস্টের কাছে নির্যাতনের অভিযোগ নিয়ে এসেছিলেন ৩৯৭ জন নারী। এর মধ্যে যৌতুকসংক্রান্ত নির্যাতনের শিকার হয়েছেন ২৩৮ জন। চলতি বছর ব্লাস্টের কাছে নারী নির্যাতনের অভিযোগ এসেছে ১৯২টি।
এসব নথিভুক্ত মামলা এবং অভিযোগ ছাড়াও নারী নির্যাতনের অনেক ঘটনাই ঘটছে বলে জানালেন পাবনা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের সাবেক পিপি কাজী মকবুল আহমদ ও ব্লাস্টের জেলা শাখার সমন্বয়কারী আলমগীর হোসেন। তাঁরা জানালেন, নির্যাতনের মধ্যে যৌতুকসংক্রান্ত ঘটনা সবচেয়ে বেশি৷ এর পরই আছে স্বামীর মাদকাসক্তি, পরকীয়া, জমিজমা নিয়ে বিরোধ ও পারিবারিক কলহ৷ তাঁদের মতে, অনেক ঘটনা মামলা-েমাকদ্দমা পর্যন্ত গড়ায় না, পত্রপত্রিকায়ও আসে না। অধিকাংশ ক্ষেত্রেই নারীরা নীরবে সহ্য করেন, বিশেষত যাঁদের বয়স বেশি৷ আবার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ঘটনাও যে নেই, তা নয়। মামলার তদন্ত করতে গিয়ে কখনো কখনো দেখা যায়, অভিযোগ ভিত্তিহীন।
পাবনায় নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা বাড়ার বিষয়টিকে খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করলেন বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা শাখার সাধারণ সম্পাদক কামরুননাহার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে নারীরা নির্যাতনের অভিযোগ নিয়ে আসছেন। আমরা সাধারণত সালিস-দরবার করে বিষয়টি মিটিয়ে দিতে চেষ্টা করি। সাধ্যমতো আইনি পরামর্শ দিই। ঘটনা গুরুতর হলে ব্লাস্টের কাছে বা ট্রাইব্যুনালে পাঠিয়ে দিই।’