পাবনায় দেড় শতাধিক ঘরবাড়ি পদ্মায় বিলীন
পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এবং মানিকহাট ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম পদ্মার ভাঙনের কবলে পড়েছে। গত তিন সপ্তাহে নাজিরগঞ্জের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি ও প্রায় তিন থেকে চার শ একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে নাজিরগঞ্জ কলেজ, নাজিরগঞ্জ উচ্চবিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় এক হাজার বাড়ি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া, ইন্দ্রোজিৎপুর, উদয়পুর, গোয়ারিয়া, নওয়াগ্রাম, কামারহাট, মোহনপুর এবং মানিকহাট ইউনিয়নের মালিফা, রায়পুর, গাছপাড়াসহ প্রায় ১৫টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। গতকাল রোববার সরেজমিন গোয়ারিয়া ও মোহনপুর গ্রাম ঘুরে দেখা গেছে, পদ্মা পাড়ের মাটির বড় বড় খণ্ড ভেঙে পড়ছে। নদীতে বিলীন হচ্ছে বসতঘর। ভাঙনকবলিত পরিবারগুলো জিনিসপত্র সরাতে ব্যস্ত। অনেকে আগেভাগেই সরিয়ে নিচ্ছে তাদের ঘর।নাজিরগঞ্জ ইউনিয়নের ভাঙনকবলিত এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, গত তিন সপ্তাহে এলাকার রশিদ প্রামাণিক, ওয়ালিউল্লাহ, সোনাই শেখ, আরশেদ আলী, নিফাজ উদ্দিন, শুকুর শেখ, মুছাই শেখ, আজিজ শেখ, দানেজ উদ্দিন, আহালে শেখ, ময়েজ উদ্দিন, ফারুক হোসেন, আলীমুদ্দিন, নাদের শেখ ও কাশেম শেখের বাড়িসহ দেড় শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। কেউ কেউ উঠেছে আত্মীয়স্বজনের বাড়িতে।কামারহাট গ্রামের সুজন প্রামাণিক জানান, পদ্মার পানি যত বাড়ছে, ভাঙন তত তীব্র হয়ে উঠছে। প্রতিদিনই দুই থেকে তিনটি করে বাড়ি ভাঙনের শিকার হচ্ছে। নাজিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাজারি জাকির হোসেন বলেন, প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে দুই শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আরও তিন থেকে চার শ ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। পাউবোর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুন্নাহার বলেন, ভাঙন রোধে কোনো বরাদ্দ না আসায় এখন পর্যন্ত কাজ শুরু করা যায়নি। বরাদ্দ পেলে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম নুরুল ইসলাম বলেন, ‘ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। শিগগির ভাঙন রোধে কাজ শুরু করা হবে।’